হার স্বীকার করে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নওয়াজের দলের
- >> রয়টার্স
Published: 2018-07-27 18:22:30 BdST

লাহোরে সংবাদ সম্মেলনে পিএমএল-এন নেতা হামজা শাহবাজ শরিফ। ছবি: ডন
পাকিস্তানের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে পরাজয় স্বীকার করেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)।
প্রধান বিরোধীদল হিসেবে সংসদে যাওয়ারও সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
পিএমএল-এন প্রাথমিকভাবে ভোটের ফল অস্বীকার করলেও শুক্রবার এর নেতারা পিটিআই নেতা ইমরান খানকেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছেন। সরকার গঠনে এখন জোটসঙ্গী খোঁজার পথ সুগম হল ইমরানের।
পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফল জানিয়ে বলেছে, ইমরানের দল ঝুলিতে ১১৪ আসন নিয়ে সরকার গড়ার পথে আছে।

পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)সহ আরো কয়েকটি দল এর আগে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। দেশের প্রভাবশালী সেনাবাহিনী আড়াল থেকে কলকাঠি নেড়ে পিটিআই’কে ভোটে জিতিয়েছে বলে অভিযোগ করেছিল তারা।
তাদের এ অভিযোগের জবাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে দলের সম্ভাব্য জয়ের দাবি করে ইমরান ভোট কারচুপির অভিযোগ তদন্তের প্রস্তাব দিয়েছিলেন।
ওই দিনই পিএমএল-এন ভোট বয়কট করতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল।
কিন্তু শুক্রবার সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রধান বিরোধীদল হিসাবে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলার ঘোষণা দিয়েছে পিএমএল-এন।
পিএমএল-এন নেতা হামজা শাহবাজ শরিফ বলেন, “আমরা সংসদে বিরোধী বেঞ্চে বসতে যাচ্ছি। পিএমএল-এন কঠোর বিরোধী দলের ভূমিকা পালন করবে।”
Comments
Post a Comment