কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশি গাড়িচালককে সম্মাননা
অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে তাদের গ্রেপ্তার করতে সহযোগিতা করায় এক বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারপ্রবাসী ওই বাংলাদেশির নাম কে এম আব্দুস সাত্তার। তিনি পেশায় লিমুজিন গাড়িচালক।
স্থানীয় সময় বুধবার দোহায় এক অনুষ্ঠানে কাতার ট্রাফিক পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান আব্দুল্লাহ খলিফাহ আলমুফতাহ এ বাংলাদেশি চালকের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
এসময় তিনি কে এম আব্দুস সাত্তারের আন্তরিকতা ও সাহসিকতার প্রশংসা করে বলেন, “তাকে দেখে কাতারে বসবাসরত অন্য অভিবাসীরাও উৎসাহিত হবেন।”
বৃহস্পতিবার কাতারের আরবি ও ইংরেজি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত খবরে বলা হয়, যাত্রীবেশে তার গাড়িতে ওঠা দুজন অপরাধীর ব্যাপারে পুলিশকে তথ্য জানান কে এম আব্দুস সাত্তার। পরে তাদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতাও করেন।
ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে সর্বসাধারণের উদ্দেশে সম্মাননার ছবি ও খবর প্রকাশ করা হয়।
কাতারের স্থানীয় নাগরিক ও বিদেশিরা কে এম আব্দুস সাত্তারের এমন সততা ও আন্তরিকতার প্রশংসা করেছেন।

Comments
Post a Comment